জগন্নাথের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইট (www.jnu.ac.bd) থেকে ফল জানা যাবে।
সোমবার দুপুর ২টা ৩৯ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে ফল প্রকাশের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হলেও বিকাল ৪টা ২৫ মিনিটে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
‘বি’ ইউনিটে ৭২০টি আসন রয়েছে, যার মধ্যে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৪৮৭, ১৫০ ও ৮৩টি আসন বরাদ্দ রয়েছে।
এ পরীক্ষায় ৩৭ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছিলেন।
শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
