চুয়াডাঙ্গায় রেলের স্লিপারসহ ২ নিরাপত্তারক্ষী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি করাত কল থেকে রেল-লাইনের দশটি স্লিপারসহ রেল স্টেশনের দুই নিরাপত্তারক্ষীকে আটক করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশ।
বিজিবি জানায়, সোমবার দুপুরে দর্শনা পৌরসভার ফুড গোডাউন এলাকায় রেলওয়ে পুলিশ ও বিজিবি যৌথভাবে এ অভিযান চালায়।
আটকরা হলেন যশোরের কেশবপুর উপজেলার ভগতি গ্রামের বিশু সরদারের ছেলে আব্দুল আজিজ (৫০) ও একই উপজেলার ডহরি গ্রামের মৃত ফকির ঘোষের ছেলে নিখিল চন্দ্র ঘোষ (৫২)।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের দর্শনা ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, ওই স মিল থেকে ১০টি রেল লাইনের স্লিপারসহ আজিজ ও নিখিলকে আটক করা হয়েছে।
তবে, কী কারণে স্লিপারগুলো করাত কলে নেওয়া হয়েছিল সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আলতাফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
