২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্কুলের নাম নিয়ে সংঘর্ষ: পুলিশের গুলিতে আহত ৮

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইটের আঘাতে ও পুলিশের গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

সোমবার সকালে উপজেলার চুয়াডাঙ্গায় অবস্থিত বিসিপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়।

স্কুলের নাম পরিবর্তন নিয়ে কয়েক দিন ধরে চলমান বিবাদের জের ধরে হওয়া সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ছুড়ে।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, পুলিশ দু রাউন্ড কাঁদুনে গ্যাসের শেল ও নয় রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। তবে কেউ হতাহত হয়েছে কিনা তা তিনি জানেন না।

এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে।

চুয়াডাঙ্গার বিসিপি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দার জানান, ১৯৯৫ সালে ভোমরাডাঙ্গা, চুয়াডাঙ্গা ও  পাটীকাডাঙ্গা গ্রামবাসীরা মিলে ‘বিসিপি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা’ নামে চুয়াডাঙ্গা ও ভোমরাডাঙ্গা গ্রামের সীমান্তে একটি স্কুল প্রতিষ্ঠা করে।

শনিবার ভোমরাডাঙ্গা গ্রামবাসী স্কুলের নামের সাইনবোর্ড থেকে চুয়াডাঙ্গা মুছে ফেলে। এছাড়া নতুন একটি ভবনের সামনে স্কুলের নাম থেকেও চুয়াডাঙ্গা বাদ দেওয়ায় চুয়াডাঙ্গা ও পাটীকাডাঙ্গা গ্রামের লোকজন ক্ষুব্ধ হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এর জের ধরে  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন গ্রামের লোক ঢাল, সরকি, রামদা, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। ইটপাটকেল ছুঁড়তে থাকে ও ধাওয়া পাল্টা- ধাওয়া চলে।

খবর পেয়ে পুলিশ দুপক্ষের মাঝামাঝি অবস্থান নিয়ে গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের গুলিতে অন্তত ৮ জন আহত হয়েছে। এদেরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।