গাড়ি চালনা শিখছেন ৩৫ বেদে
বেদে সম্প্রদায়ের ৩৫ জন হালকা গাড়ি চালনার প্রশিক্ষণ নিচ্ছেন, যাতে সহযোগিতা দিচ্ছে ব্র্যাক।
প্রান্তিক এই জনগোষ্ঠীর সদস্যরা জীবিকার প্রয়োজনে নানা অপরাধে যুক্ত হয়ে পড়ায় তা থেকে তাদের সরিয়ে আনতে তাদের এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ।
রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
ব্র্যাকের সহযোগিতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার এলাকায় পুলিশ মাদক নির্মূল অভিযানের সময় বেদে পল্লীতে এর উৎস খুঁজে পান।
পুলিশ সব জায়গায় অভিযান চালালেও বেদে পল্লীতে নানা কারণে অভিযান চালায় না। সেখান থেকে মাদক সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে বেদে সম্প্রদায়ের লোকজনকে ডেকে এনে মাদক বিক্রির বিষয়ে জিজ্ঞাসা করে পুলিশ।
পুলিশ সুপার হাবিবুর বলেন, “বেদে সম্প্রদায়ের সকলে পুলিশের কাছে স্বীকার করে যে, যেহেতু তারা আগের মতো দাঁতের পোকা বের করা, সিঙ্গা লাগানো ইত্যাদি পৈত্রিক পেশায় সংসার চালাতে পারতে না। তাই বাধ্য হয়ে মাদক বিক্রি করে সংসার চালাচ্ছেন।
“বিষয়টি অনুধাবন করে পুলিশ উদ্যোগ নেয় তাদেরকে সমাজের বিভিন্ন পেশায় যুক্ত করার।”
এরই অংশ হিসেবে ৩৫ জন বেদেকে হালকা গাড়ি চালানোর প্রশিক্ষণে যুক্ত করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দুই মাস ধরে এই প্রশিক্ষণ চলবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ১৫০ নারী বেদেকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন স্থানে কাজ করে সাবলম্বী হচ্ছেন। ৪০ জন বেদে পুরুষকে পোশাক কারখানায় কাজ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, “কেউ পিছিলে থাকলে হতাশ হয়। উদ্বেগ, উৎকণ্ঠা, হীনমন্যতা মানুষকে সামাজিক জীবন থেকে সরিয়ে নেয়। এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মো. মুসা, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানও উপস্থিত ছিলেন।
