ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
বুয়েট শিক্ষক অধ্যাপক এম এম শহীদুল হাসান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসাবে তাকে চার বছরের জন্য নিয়োগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর মোহাম্মদ ফরাসউদ্দিন রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে নতুন উপাচার্যকে বরণ করে নেন।
এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক শহীদুল।
বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের এই অধ্যাপক যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগিড়্র নেন। দেশ-বিদেশে স্বীকৃত গবেষণা গ্রন্থে তার ৫০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চারবার তার গবেষণা প্রবন্ধ সেরা প্রবন্ধের পুরস্কার পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
