২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বরখাস্ত’ তথ্য কর্মকর্তার দায়ের কোপে আহত ২

খাগড়াছড়িতে সাময়িক বরখাস্ত এক তথ্য কর্মকর্তার দায়ের কোপে দুই বৃদ্ধ আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 07:13 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

আহতরা হলেন জেলা শহরের মাস্টারপাড়ার জাহাঙ্গীর হোসেন (৭০) ও আবদুল হান্নান (৭২)।

খাগড়াছড়ি সদর থানার ওসি  মো. সামছুউদ্দীন ভুইয়া বলেন, বোববার বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাবাসী হামলাকারী আনোয়ার হোসেনকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি সাবেক জেলা তথ্য কর্মকর্তা ছিলেন বলে ওসি জানিয়েছেন।

আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আতাইছড়ির আবদুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন বলেন, সকালে আবদুল হান্নান আদালত এলাকায় ফেরি করে আংটি বিক্রি করছিলেন। সেখানে জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।

“এ সময় আনোয়ার একটি বড় ধারালো দা নিয়ে আল্লাহ আকবর বলে হামলা চালিয়ে আবদুর ও জাহাঙ্গীরকে কুপিয়ে আহত করেন।”

তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় বলে ওসি জানান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সনজিব ত্রিপুরা বলেন, আহতদের  মাথায় ও হাতে  গুরতর জখমের চিহ্ন রয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।

ওসি আরও বলেন, আনোয়ারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।