ভাষা সৈনিকের সম্পদ ধ্বংস করেছে দুর্বৃত্তরা
জয়পুরহাটে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ভাষা সৈনিকের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে, ২০টি আম গাছ কেটেছে এবং আগাছানাশক ছিটিয়ে পাঁচ বিঘা আমন ক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আক্কেলপুর উপজেলার রায়কালী-নওতাপাড়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনায় ভাষাসৈনিক অবসরপ্রাপ্ত শিক্ষক সুমন্ত কুমার বসাকের পরিবারের কয়েকলাখ টাকার ক্ষতি হয়েছে।
সুমন্ত কুমার এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে রোববার আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সুমন্ত কুমার বসাক স্থানীয় রায়কালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর জীবনযাপন করছেন। তার বড়ছেলে সমীর কুমার বসাক ওরফে বাদল মাস্টার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পরোপকারী বলে এলাকায় খ্যাতি আছে নির্বিবাদী এই বাবা-ছেলের। এলাকায় তাদের কোনো শত্রু নেই বলেও দাবি করছেন তারা।
সুমন্ত কুমার বসাক, সমীর কুমার বসাক ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এই পরিবারের প্রায় দুই বিঘা আকারের পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১০/১২ মন মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। একই সময়ে পুকুর পাড়ের ২০টি আমগাছ কেটে ফেলেছে।
একই রাতে তাদের প্রায় পাঁচ বিঘা জমিতে আগাছা নাশক স্প্রে করে আমন ধানের ক্ষেত নষ্ট করা হয়েছে। এতে প্রায় একশ মনেরও বেশি ধান নষ্ট হবে বলে আশংকা করছেন তারা।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ক্ষেতের ধান গাছগুলো মরে বিবর্ণ হয়ে যাচ্ছে। ক্ষেতের দিকে চেয়ে বুক চাপড়ে কাঁদছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারের সদস্যরা।
গ্রামের মোজাহার আলী, আব্দুর রহিম, ফেরদৌস হোসেনসহ কয়েকজন বলেন, ভাষা সৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুমন্ত কুমার বসাক একজন পরোপকারী ও শিক্ষানুরাগী মানুষ। জীবনে উপকার করা ছাড়া কারও ক্ষতি করেননি। তার ছেলে-মেয়েরাও নির্বিবাদী বলে সমাজে তাদের শত্রু থাকার কথা নয়।
তারা জানান, ফলবান আমগাছ কেটে, পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ নিধন করে এবং আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান ক্ষেত নষ্ট করে তাদের ৩/৪ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
শিক্ষক সমীর কুমার বসাক বলেন, “গত মৌসুমে পাড়া প্রতিবেশীদের দিয়েও কেটে ফেলা আমগাছগুলো থেকে সাড়ে ১১ মন আম পেয়েছিলাম।
আগাছা নাশক ওষুধ ছিটিয়ে দেওয়ায় পাঁচ বিঘা আমন ক্ষেতের ধান গাছগুলো মরে গেছে বলেও জানান তিনি।
সুমন্ত কুমার বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৫২ সালে বগুড়া আজিজুল হক কলেজে অধ্যয়নকালে ভাষা আন্দোলনের সময় মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করার সময় পাকিস্তান সরকারের পুলিশ আমার বুকে রাইফেল ঠেকালেও ‘মাতৃভাষা বাংলা চাই’ শ্লোগান থেকে নিবৃত্ত হইনি।”
“১৯৫৬ সালে মুজিব ভাই (বঙ্গবন্ধু) বগুড়া এলেন। মুজিব ভাইয়ের নির্দেশে কলকাতার বড় চাকরি পেয়েও সেখানে যোগদান না করে এ দেশেই মাটি কামরে পড়ে আছি।”
তিনি তিনটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলেও জানান।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির নাম উল্লেখ না থাকায় তদন্ত ছাড়া কাউকে আটক করা যাচ্ছে না।
তবে শিগগিরই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
