গণপরিবহনে নৈরাজ্য: সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান
গণপরিবহনে ‘অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা’ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে অভিযোগ করে তা নিরসনে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মী ও বিশিষ্টজনরা।
সিএনজির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি মাসের শুরুতে বাস ও মিনিবাসের ভাড়াবৃদ্ধির পর পরিস্থিতি পর্যবেক্ষণে চলা এক গণশুনানি থেকে রোববার এ আহ্বান জনানো হয়।
বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ১০ পয়সা বাড়ানোর পর রাজধানীতে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মধ্যে। ভাড়া নিয়ে অনেক জায়গায় যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার খবরও এসেছে।
মাঠের প্রকৃত পরিস্থিতি যাচাই করতে রোববার রাজধানীর ফার্মগেইটে আনন্দ সিনেমা হলের পাশে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান, সাংবাদিক আবুল মকসুদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম ও বাসদ নেতা রাজেকুজ্জামান রতন শুনানিতে উপস্থিত ছিলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, যে প্রক্রিয়ায় ভাড়া বাড়ানো হয়েছে তা ‘সঠিক হয়নি’। যাত্রী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা উচিৎ ছিল।
“আগে যে ভাড়া ছিল, সেটাও বেশি ছিল। তার উপরে নতুন করে ভাড়া বাড়ানো হয়েছে। বাস মালিকরা এই সুযোগে নিজেদের ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছেন।”
গণশুনানিতে অনেক স্থানে ‘দ্বিগুণ ভাড়া’ আদায়ের অভিযোগ এসেছে বলেও জানান তিনি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধরী জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্মগেইটের গণশুনানিতে আড়াইশ যাত্রী তাদের অভিযোগের কথা জানিয়েছেন। গত কয়েক দিনে তাদের ১৩টি দল তিন হাজার যাত্রীর মতামত নিয়েছে।
“এতে দেখা গেছে, অনেক পরিবহন সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা আদায় করছে, যদিও সরকার তা পাঁচ টাকা ঠিক করে দিয়েছে। প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও বাসগুলো বাড়িয়েছে এক টাকা, অর্থাৎ ৯০ শতাংশ বেশি আদায় করা হচ্ছে।”
গণশুনানিতে এক যাত্রী বলেন, আগে যাতায়াত বাবদ যেখানে তার প্রতিমাসে হাজার থেকে ১২শ’ টাকা খরচ হত, এখন সেখানে তার লাগছে দুই হাজার টাকা।
সৈয়দ আবুল মকসুদ বলেন, “রাজধানীতে বাসের ভাড়া আদায়ের নামে নৈরাজ্য চলেছে, এতে নাগরিক অধিকার মানবাধিকর লংঘিত হচ্ছে। এই নৈরাজ্য থামাতে সরকারকে উদ্যোগী হতে হবে।”
এই কলাম লেখক বলেন, “বিআরটিসির বাস বাড়লে পাবলিক বাস নিয়ে এমন করতে পারত না। বিআরটিসি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। তারা জনগণকে সেবা দিতে পারছে না। তাদের নির্লিপ্ততার সুযোগ কাজে লাগিয়ে পরিবহন ব্যবসায়ীরা ভাড়া বাড়াচ্ছে।”
আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে ‘সার্বিক পরিস্থিতি’ তুলে ধরে ভাড়ার নতুন তালিকা সুপারিশ করা হবে বলে মোজাম্মেল হক জানান।
