২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ 

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে  ২৩ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 02:15 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

একই অভিযোগে মহেশখালীর মৌলভী রমিজ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে ২৩ নভেম্বর পরবর্তী দিন রেখেছে আদালত।

৮ অক্টোবর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ওই ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয় তদন্ত সংস্থা।

রোববার প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন; সঙ্গে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল। আর ১৯ আসামির মধ্যে সালামত উল্লাহ খানসহ চারজনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

পরে তাপস কান্তি বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা ৬০ দিন সময় প্রার্থনা করি। আদালত ৪৫ দিন সময় দিয়েছে। ওই ১৯ জনের বিরুদ্ধে ২৩ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।”

তদন্তে মৌলভী রমিজের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারির নির্দেশ দিয়েছে বলে জানান তাপস।

১৯ আসামি হলেন- কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এলডিপি নেতা সালামত উল্লাহ খান, বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া, জাকারিয়া সিকদার, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, নূরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান, আমজাদ আলী, আব্দুল মজিদ, বাদশা মিয়া, ওসমান গণি, আব্দুল শুক্কুর, সামসুদ্দোহা, মো. জাকারিয়া, মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী, জালাল ও আব্দুল আজিজ।

তাপস কান্তি জানান, ১৯ জনের মধ্যে ৫ আসামি কারাগারে আছেন। একজন জামিনে ও একজন গ্রেপ্তার থাকা অবস্থায় ইতিমধ্যে মারা গেছেন।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের ১৩ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৯৪ জনকে হত্যাসহ নারী নির্যাতন এবং লুটপাট ও অগ্নিসংযোগের অনেক ঘটনা রয়েছে।

২০১৪ সালের ১২ মে থেকে চলতি বছর ৮ অক্টোবর পর্যন্ত এই মামলার তদন্ত চলে । মামলায় তদন্ত কর্মকর্তা হিসাবে রয়েছেন নূরুল ইসলাম; সাক্ষী রয়েছে মোট একশ ২৬ জন।