২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সীমান্তে আতঙ্ক, এলাকাবাসীর পাহারা

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি চালিয়ে একজনকে হত্যার দুদিন পর ফের বিএসএফ আতঙ্কে ভুগছেন লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের বাসিন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

লালমনিরহাট প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 01:48 AM

Updated : 25 Apr 2022, 01:59 PM

শনিবার সন্ধ্যার পর বিএসএফ বাংলাদেশের দিকে মুখ করে সার্চ লাইট জ্বালিয়ে টহল জোরদার করার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয় বলে দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামাণিক জানান।

রাত সোয়া ১টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসএফ ফের বাংলাদেশের ভিতরে ঢুকতে পারে এই আশঙ্কা থেকে এলাকার পুরুষরা লাঠিসোটা নিয়ে রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছে।”

পাশাপাশি সন্ধ্যার পর থেকে ওই এলাকায় বিজিবিও টহল জোরদার করেছে বলে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।

এলাকাবাসী ও বিজিবি কর্মকর্তারা জানান, বাংলাদেশিদের একটি দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের পিছু নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় সাড়ে ৩০০ গজ ভেতরে দুর্গাপুর ইউনিয়নের চওরাটারী গ্রামে ঢুকে গরু নিয়ে যেতে চাইলে তাদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে চারটি গরু নিয়ে সীমান্তের ওপারে চলে যায়।

তাদের গুলিতে পাঁচজন আহত, যাদের একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনা নিয়ে শুক্রবার বিকেলে দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয় জানিয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে আমরা বিএসএফের বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি চালানোর প্রতিবাদ করলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়।”

এরপর শনিবার রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের ২২ নম্বর থেকে ২৭ নম্বর পিলার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে বিএসএফ টহল জোরদার করে বলে চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান।

বিএসএফের বাড়তি তৎপরতা দেখে এলাকাবাসী ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যায় জানিয়ে তিনি বলেন, “সেখানে নারী ও শিশুদের রেখে পুরুষরা লাঠিসোটা নিয়ে এলাকার রাস্তায় পাহারা দেওয়া শুরু করে।”

পুরনো খবর:

দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত