২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সাড়ে ৩ মাসের শিশুকে খুন্তির ছ্যাঁকার অভিযোগে মামলা

পিরোজপুর সদরে সাড়ে তিন মাসের এক শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযাগে তার দাদির বিরুদ্ধে মামলা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2015, 11:34 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

ওই শিশুর নানি আয়েশা বেগম শনিবার বিকালে পিরোজপুর সদর থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি মো. এনায়েত হোসেন জানান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর চাচি সোনিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ওই শিশুর বাবা বর্তমানে সৌদি আরবে আছেন। ঘটনার পর থেকে তার দাদি পলাতক।

শিশুর মা হাসি বেগম বলেন, দেড় বছর আগে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর ভৈরমপুর গ্রামের মো. সফিক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

“বিয়ের পর থেকে শাশুড়ি মুরফিয়া বেগম আমাকে সন্তান নিতে বারণ করে আসছিলেন। কিন্তু আমি সন্তান নিলে তাতে শাশুড়ি ক্ষুব্ধ হন। এ নিয়ে গত বুধবার দুপুরে খুন্তি গরম করে আমার মেয়ে ‘ছোঁয়া’র ঊরুতে ছ্যাঁকা দেন তিনি।”

পরে এলাকাবাসীর সহায়তায় ছোঁয়াকে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ননি গোপাল রায় জানান, শিশুটির ঊরুতে পোড়ার ক্ষত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।