২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হল সিলেটবাসীর বহুপ্রতীক্ষিত কাজীরবাজার সেতু

সিলেটবাসীর বহু প্রতীক্ষার কাজীরবাজার সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 02:14 PM

Updated : 12 Oct 2022, 04:16 PM

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮৯ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উপর দিয়ে প্রায় ৪০০ মিটার দীর্ঘ কাজীরবাজার সেতু নির্মাণের মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘ দিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে শুরু হওয়া সেতুটির নির্মাণ কাজ ২০০৭-০৮ অর্থ বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালে কাজীরবাজার সেতুর নকশা সংশোধন করে চার লেন করে ২০১১ সালে নির্মাণকাজ শুরু করে, যার শেষ চলতি বছরের জুন মাসে।

এছাড়া ৪৪১ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণের কাজও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এসে পিলার গেড়ে নাটক করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।

“সেতু নির্মাণসহ সিলেটের যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ করেছে। আগামীতেও সিলেটের উন্নয়নে আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে কাজ করবে।।”

সিলেটের জেলা প্রশাসনের সম্মেলনকেন্দ্রে এসময় উপস্থিত জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সংসদ সদস্য ইমরান আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট রেঞ্জের ডিআইজ মিজানুর রহমান, সিলেট মেট্রোপিলটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।