টঙ্গীতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামী ও দেবরের বিরুদ্ধে।
টঙ্গী থানার এসআই আতাউর রহমান জানান, পূর্ব আরিচপুরে বুধবার রাতে এ ঘটনায় পুলিশ গৃহবধূ স্বর্ণা আক্তারের (৪২) স্বামী হাবিবুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে।
হাবিবুরের ভাই আবদুল্লাহ (২৫) পালিয়ে গেছে বলে জানান তিনি।
এই ঘটনায় তাদের ভাড়া বাড়ির মালিক কামাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার স্বামী হাবিবুর ও তার ছোট ভাই আব্দুল্লাহকে আসামি করে টঙ্গী থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
হাবিবুর রহমান ও আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে এসআই আতাউর রহমান জানান, বগুড়ার কাহালু উপজেলার পানাই গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে স্বামী পরিত্যক্ত স্বর্ণার সঙ্গে মোবাইল ফোনে প্রেম হয় টঙ্গী এলাকার ওয়ার্কশপকর্মী হাবিবুর রহমানের। এরপর তারা বিয়ে করেন।
বিয়ের পর তারা টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করেন বলে জানান আতাউর।
“ বিয়ের কিছুদিন পর স্বর্ণা স্পেন পাঠানোর কথা বলে দেবর আব্দুল্লাহর কাছ থেকে ৮ লাখ টাকা নেন। কিন্তু আব্দুল্লাহ স্পেনে যেতে পারেননি।”
এ নিয়ে স্বামী-স্ত্রী-দেবরের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানান তিনি।
“এর জেরে বুধবার বিকালে স্বামী ও দেবরের সঙ্গে স্বর্ণার ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ও দেবর মিলে স্বর্ণাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।”
এসআই আতাউর বলেন, পুলিশ রাতে টঙ্গী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
