লাশ ভেসে গেলেও উদ্ধার করেনি পুলিশ
ঢাকার সাভারে তুরাগ নদীতে লাশ ভেসে যেতে দেখেও পুলিশ তা উদ্ধার না করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকালে আমিনবাজারের সালেহপুর সেতু এলাকায় লাশটি দেখা যায়।
সাভার মডেল থানার এসআই লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালেহপুর সেতুর কাছে তুরাগ নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
“খবর পেয়ে লাশ পরিবহনের গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে লাশটি ভেসে যেতে দেখে চলে আসি।”
প্রচণ্ড স্রোতের কারণে লাশটি দ্রুত ভেসে চলে যায়। তাই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, পুলিশ ইচ্ছে করলে লাশটি উদ্ধার করতে পারত। লাশটি ভেসে যেতে দেখেও তারা উদ্ধারের কোনো চেষ্টা করেনি।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
