ধর্ষণচেষ্টার মামলায় গাজীপুরে কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামি ইকবাল হোসেন (৩০) কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতাবউদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার এসআই মো. তরিকুল ইসলাম জানান, শনিবার ভোরে কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে পানি খাওয়ার কথা বলে ইকবাল তার সহযোগী বাবুল ওরফে সুন্দর বাবলুকে নিয়ে ওই কিশোরীদের ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি চিৎকার-চেচামেচি করতে থাকলে তারা পালিয়ে যায়।
কিশোরীর মায়ের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনায় কাউন্সিলরের কাছে বিচার চাইলে উল্টো তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনদের মারধর করে ইকবালের লোকজন।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে ওসি জানিয়েছেন।
পরে রাতে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইকবালের বিরুদ্ধে মামলা করেন।
