ফেনীতে জমির বিরোধে প্রবাসীকে হত্যা, ২ নারী গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুধাবীপ্রবাসী এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত আজিজুল করিম লিটন (৩২) উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আলী আহম্মদ কেরানীর ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি হারুন-অর রশীদ জানান, শনিবার দুপুরে একই গ্রামের জেঠাতো ভাই নুরুজ্জামান ছুট্টুর ঘর থেকে তার মুখ ও হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়।
ওসি হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, লিটনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরুল আফসারের স্ত্রী সুরমা বেগম (৪৫) ও তার মেয়ে হালিমা খাতুনকে (২০) আটক করা হয়েছে।
নিহতের মা ছায়েরা খাতুনকে উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার দুপুরে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
পরে বিকেল থেকে লিটনের খোঁজ না পেয়ে রাতে তার মা বাদী হয়ে নুরুল আফসার ও তার স্ত্রী সুরমা বেগমসহ ছয়জনের নামে থানায় অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন।
অপর আসামিরা হলেন- নুরুল আফসারের ভাই নুরুজ্জামান ছুট্টু, পাশের বাড়ির নুরুল ইসলামের ছেলে তারেক, দুই ভাইয়ের কারো একজনের মেয়ে-জামাই জামশেদ ও প্রতিবেশী জিয়াউল হক।
ছায়েরা খাতুন সাংবাদিকদের বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে সাতটি মামলা করেছে নুরুল আফসার। সম্প্রতি লিটন বিদেশ থেকে বাড়ি এলে তাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছিল নুরুল আফসার ও তার পরিবারের লোকজন।
অপহরণ ও গুমের অভিযোগে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানান ওসি হারুন।
