২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের ট্রলারে হামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে মাছ শিকারের বিরুদ্ধে ভ্র্যাম্যমাণ আদালতের প্রস্তুতিকালে হামলা করেছে দুর্বৃত্তরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শুক্রবার শশীভূষণ থানার হাজারীগঞ্জ মৎস্য ঘাটে এ হামলা হয় বলে পুলিশ ও মৎস্য বিভিাগ জানিয়েছে।

এদিকে, পৃথক দুই অভিযানে ২৪ জেলেকে জেল ও জরিমানার দণ্ড দিয়েছে আরেকটি ভ্রাম্যমাণ আদালত।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে মাছ শিকারিদের বিরুদ্ধে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য হাজারীগঞ্জ মৎস্য ঘাটে প্রস্তুতি চলছিল।

“ওই সময় স্থানীয় ইউপি সদস্য কামাল ও তার ভাই সেলিমের নেতৃত্বে ৫/৬ জন ট্রলারে হামলা চালায়।

“হামলায়  ট্রলার মালিক নুর হোসেন আহত হন। তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

হামলাকারীদের ধরা সম্ভব হয়নি। তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

এ ব্যাপারে কামাল মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানান, পরে চরফ্যাশনের মেঘনায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হায়দারের ভ্রাম্যমাণ আদালত জাল ও নৌকাসহ ১৫ জেলেকে আটক করে।

এদের মধ্যে তিনজন শিশু থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

এরা হলো রিয়াজ (১৩), রবিউল আলম (১২) ও নাগর (১৪)।

তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় এ আদালত।

এরা হলেন শহীদ মাঝি (৪২), আলাউদ্দিন (৪০) ও ছালাউদ্দিন (৫২)। 

অপর নয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এরা হলেন সবুজ, মাহামুদল্লাহ, শাহে আলম, আল-আমীন, ইসমাইল, জাকির হোসেন, আবুল কাশেম, মঞ্জুর আলম ও নীরব।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, ভোলা সদরের মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১২ জেলেকে আট দিন করে করাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাদব সরকার ওই আদালতের নেতৃত্ব দেন বলে জানান তিনি।