গৃহবধূকে উত্ত্যক্ত, ৩ জনকে পুলিশে দিয়েছে গ্রামবাসী
নোয়াখালী সদরে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রামবাসী তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।
পূর্ব শুল্লকিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্ত্যক্তের ঘটনা ঘটে; শুক্রবার ওই তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন ওই উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মানিক মিয়া (২২), কামাল হোসেনের ছেলে মিরাজ হোসেন (২০) ও সাইদুল হকের ছেলে রাশেদুল হক (১৮)।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শুল্লকিয়া গ্রামের এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে একই গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
“পথে মুজাহিদ কলোনির সামনে ছয় বখাটে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন সেট ও কানের দুল ছিনিয়ে নেয়। খবর পেয়ে গ্রামবাসী গিয়ে গৃহবধূকে উদ্ধার করে।”
শুক্রবার দুপুরে স্থানীয়রা ওই ‘বখাটেদের’ তিনজনকে আটক করে পুলিশে দেয় বলে জানান তিনি।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছয়জনের নামে থানায় মামলা করেছেন বলে জানান ওসি আনোয়ার হোসেন।
