২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিক সময় ‘ভুলে গেছে’ ফিরতি হজ ফ্লাইট

সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটের প্রায় প্রতিটি ঢাকায় ফিরছে নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা পর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 08:55 PM

Updated : 12 Oct 2022, 04:15 PM

হাজিদের পরিবহনের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, জেদ্দা বিমানবন্দরে হাজিদের রিপোর্ট করতে দেরি হওয়ায় এ সমস্যা হচ্ছে।

বিলম্ব দিয়েই চলতি বছর হজের ফিরতি ফ্লাইট শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ২৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পরে ঢাকায় পৌঁছায় বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ।

এর পরের প্রতিটি ফ্লাইটই নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা পরে ঢাকায় অবতরণ করে।

শুক্রবার বিমানের মোট পাঁচটি ফ্লাইট জেদ্দা থেকে হাজিদের নিয়ে আসার কথা। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারটি ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে।

শুক্রবার রাত ২টা ২৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে বিজি-৪০২০, ভোর ৫টা ২৫ মিনিটে ৪০৫ জন নিয়ে বিজি ১৩৬, দুপুর ৩টা ২৫ এ ৪১৪ জন যাত্রী নিয়ে বিজি ৪০১৮ এবং বিকাল ৪টায় ২৯৬ জন যাত্রী নিয়ে বিজি ২০২২ শাহজালালে অবতরণ করে।

এর বাইরে রাত ১০টা ২৫ মিনিটে বিমানের আরেকটি ফ্লাইট বিজি ০০৩৫ হজযাত্রীদের নিয়ে ঢাকায় অবতরণের কথা রয়েছে।

Image
হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। মঙ্গলবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। মঙ্গলবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। মঙ্গলবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। মঙ্গলবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

বিমান ছাড়াও হাজিদের পরিবহনের দায়িত্বে থাকা অপর বিমানসংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটও নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি।

এর মধ্যে এসভি-৮০৬ দুপুর ১টা ৩৫ এ শাহজালালে অবতরণের কথা থাকলেও সেটি এসে পৌঁছায় দুপুর ২টা ৫৮ মিনিটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তাছমিন আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিটি ফ্লাইটই নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা পরে আসছে।”

কারণ জানতে চাইলে তিনি বলেন, “জেদ্দা হজ টার্মিনালে হাজিদের ‘অস্বাভাবিক’ চাপ এবং হারাম শরিফ এলাকায় সৌদি কর্তৃপক্ষের বিশেষ নিরাপত্তাজনিত ব্যবস্থায় হাজিদের বিলম্বে বিমানবন্দরে রিপোর্টিংয়ের কারণে বিমানের প্রথম ফিরতি হজ-ফ্লাইট বিলম্বে দেশে পৌঁছায়।

“জেদ্দা বিমানবন্দরের পরিস্থিতির কারণে বিমানসহ অন্যান্য সকল এয়ারলাইন্সের হজ-ফ্লাইটগুলোও বিলম্বে আসছে।”

কয়েকদিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

হজ যাত্রীদের দেশে ফেরার বিড়ম্বনা কমানো বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যেন হাজিদের দুর্ভোগ যতটা সম্ভব কমানো যায়।”

Image
হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। মঙ্গলবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। মঙ্গলবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যকার চুক্তি অনুযায়ী বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বছর এক লাখের বেশি মানুষ বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে যান, যাদের অর্ধেক পরিবহন করছে বিমান।

এবার হজ মৌসুমের শুরুর দিকেই মক্কার কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে একটি ক্রেইন উল্টে পড়ে ১১৭ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন।

আর হজের আনুষ্ঠানিকতার শেষভাগে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনে ৭৬৯ নিহত ও ৯৩৪ জন আহত হন।

রোববার পর্যন্ত নিহতদের মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে সৌদি সরকার। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি হাজিদের ফিরিয়ে আনতে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিমানের হজ ফ্লাইট চলবে।