ভাইকে হত্যার অভিযোগে ভাইদের বিরুদ্ধে মামলা
জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরের জাজিরায় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার দুই ভাইয়ের বিরুদ্ধে।
জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের চর খোরাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামাদ মাদবর (৬০) ওই এলাকার সোলায়মান মাদবরের বড় ছেলে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের ছেলে শাহ জালাল বাদী হয়ে তার দুই চাচা মোতালেব মাদবর ও হালিম মাদবরসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে ওসি জানান।
নিহতের স্ত্রী আয়নামতি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তার দাদি শাশুড়ি ৪৮ শতাংশ জমি সামাদ মাদবরের নামে উইল করে যান। এ জমি নিয়ে তাদের (সামাদ মাদবর) পাঁচ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
“বৃহস্পতিবার রাতে সামাদ মাদবর পার্শ্ববর্তী গঙ্গানগর এলাকা থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে তার ছোট ভাই মোতালেব ও হালিম মাদবরসহ কয়েকজন দুর্বৃত্ত।
“পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
এদিকে, নিহতের পরিবারের সদস্যরা হালিম মাদবর, মোতালেব মাদবরের বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন হালিম মাদবরের পরিবারের সদস্যরা।
ভাংচুর ও লুটপাটের ঘটনা অস্বীকার করে ওসি নজরুল ইসলাম বলেন, রাতে এলাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
