২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘চরমপন্থি নেতা’ খুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক ‘চরমপন্থি নেতা’র গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:39 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

শুক্রবার গোবরা গ্রামের একটি ধানক্ষেতে রবিউল ইসলাম ওরফে বেড়ে রবির (৩৮) চোখ বাঁধা মৃতদেহ পাওয়া যায় বলে জানান কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম।

নিহত রবিউল ঝিনাইদহ সদর উপজেলার পরানপুর গ্রামের শুকুর আলী মোল্লার ছেলে। তিনি একটি চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তাকে ওই ধানক্ষেতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

“১৯৯৯ সালে যশোর সার্কিট হাউস মাঠে পুলিশের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন রবি। পরে ছাড়া পেয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হন।

“এরপর যশোরের একটি আবাসিক হোটেলে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ধরা পড়েন।”

ওসি জানান, সম্প্রতি জেল থেকে জামিনে মুক্ত হয়ে ঝিনাইদহ এলাকায় আবার ত্রাসের রাজত্ব গড়ে তোলেন।

তার নামে ঝিনাইদহ ও যশোর জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে, যার মধ্যে কুমারখালী থানার একটি হত্যা মামলার রয়েছে বলে জানান ওসি মহিবুল ইসলাম।

হত্যার কারণ সম্পর্কে ওসি বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে। আবার দলীয় অন্তর্কোন্দলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।