২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহে পাবলিক পরীক্ষা শেষ করতে চান শিক্ষামন্ত্রী

নতুন কোনো পদ্ধতি বের করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাবলিক পরীক্ষা শেষ করার পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:32 PM

Updated : 12 Oct 2022, 04:15 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে এবারের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে এই অভিমত তুলে ধরেন মন্ত্রী।

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী বলেন, “যতই সুপার টেকনোলজি করা হোক না কেন ক্রিমিনালরা আরও অ্যাডভান্স থাকে। আমি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পক্ষে।

“দেড় মাস ধরে পরীক্ষা নিয়ে প্রশ্ন পাহারা দেবে কে? এমন পদ্ধতি বের হতে পারে, যেন প্রশ্ন ফাঁসই না হতে পারে; পাঁচ-সাত দিনের মধ্যে পরীক্ষা শেষ হতে পারে।”

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও সরকার তা অস্বীকার করে এমন অভিযোগ নাকচ করে নাহিদ বলেন, “২০১৪ সালে প্রশ্ন ফাঁস হয়েছিল। আমিই তা ধরে প্রথমে সাংবাদিকদের জানাই।”

সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের অসন্তোষ দূর করার দায়িত্ব নিয়েছে জানিয়ে তাদের ক্লাস ও ভর্তি পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষকদের কিছু কর্মকাণ্ডের সমালোচনাও করেন দীর্ঘদিন থেকে শিক্ষা-আন্দোলনের সঙ্গে যুক্ত এক সময়ের বাম নেতা নাহিদ।

“পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা শতভাগ টাকা দেই। কিন্তু আমাদের ক্ষমতা শূন্য ভাগ। … একই শিক্ষক ক্লাসে শেখাতে পারেন না অথচ টাকা দিলে বাড়িতে এসে বুঝিয়ে দেন।”

শিক্ষকদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের আদলে আলাদা একটি কমিশন গঠন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এইচএসসি উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে জানিয়ে নাহিদ বলেন, হয়ত পছন্দের প্রতিষ্ঠানে সবাই ভর্তি হতে পারবে না।

চলতি বছর এসএসসি উত্তীর্ণ ১৯ জন এবং এইচএসসি পাস ১২ জন ডিআরইউর সদস্যদের সন্তানদের হাতে ক্রেস্ট, সনদ এবং তিন হাজার টাকা করে বৃত্তির অর্থ তুলে দেন শিক্ষামন্ত্রী।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান ছাড়াও ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কয়েক জন শিক্ষার্থীর অভিভাবক বক্তব্য দেন।