সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।
সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে কাকডাঙ্গা সীমান্তের ‘কুখ্যাত স্বর্ণ চোরাকারবারী’ জহুরুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণের বার মজুদ রাখার খবর পাওয়া যায়।
“তার বাড়িতে অভিযান চালিয়ে সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
“তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে জহুরুল ইসলামসহ অন্য চোরাকারবারীরা পালিয়ে গেছে।”
উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় আড়াই কেটি টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
