২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সালিশে যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁর মহাদেবপুরে গরু বিক্রির টাকা না দেওয়ার অভিযোগে সালিশে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 08:50 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে জানায়।

উপজেলার খাজুর ইউনিয়নের রোনাইল আবাসন প্রকল্পে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত সুমন রহমান আবাসন প্রকল্পের আজিজার রহমানের ছেলে।

খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, প্রায় এক মাস আগে প্রতিবেশী ভোদর আলীর কাছ থেকে ২১ হাজার টাকায় একটি গরু কেনে সুমন। গরুর টাকা না দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

“বুধবার সন্ধ্যায় সুমন বাড়িতে আসার খবর পেয়ে গরুর মালিক ভোদর আলী লোকজন নিয়ে বাড়িতে এসে তাকে আটক করে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলীকে খবর দেয়।”

সুমনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, রাত ১০টার দিকে ইউপি সদস্য ইউনুস আলী তার সহযোগী গুলজার হোসেন, আরিফুল ইসলাম ও নিজামসহ ১৫/২০ জন লোক এসে সুমনকে বাড়ি থেকে বের করে সালিশ বসায়। সালিশে গরুর মালিক ভোদরসহ গ্রামবাসী উপস্থিত ছিল।

“সালিশে তক্ষুণি তাকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্য ইউনুস আলী ও তার লোকজন লাঠি দিয়ে বেধড়ক পেটায়।”

তিনি বলেন, এতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গ্রাম্য চিকিৎসক বেলালের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহাদেবপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিমুল ইসলাম বলেন, সুমনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।