স্ত্রী নির্যাতনের অভিযোগে আইনজীবী কারাগারে
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক আইনজীবীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহাঙ্গীর আলম এ আদেশ দেন।
এরা হলেন, অ্যাডভোকেট এস এম রাসেল রানা, তার বাবা ছাদেকুল ইসলাম ও রাসেলের দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা। এরা সৈয়দপুর পৌর শহরের জসিম বাজার মহল্লার বাসিন্দা।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার রাতে রানার প্রথম স্ত্রী সানজিদা আক্তার বাদী হয়ে এ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর রাতেই জসিম বাজার এলাকার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, ১১ বছর আগে সানজিদা আক্তারের সঙ্গে বিয়ে হয় রাসেল রানার।বিয়ের সময় রানার বাবা ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা সম্পূর্ণ পূরণ না হওয়ায় বিয়ের পর থেকেই সানজিদার উপর নানাভাবে নির্যাতন চালানো হতো।
সম্প্রতি সানজিদাকে না জানিয়ে রানা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সানজিদার উপর নির্যাতন আরও বেড়ে যায়।
এর ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর সানজিদাকে মারধর করে রানা ও তার পরিবারের লোকজন।
আইনজীবীর প্রতিবেশী মো. হাবিব ও খোরশেদ বলেন, সানজিদার উপর নির্যাতন চালাত স্বামীসহ তার পরিবারের লোকজন।এ নিয়ে কেউ প্রতিবাদ করলে মামলার ভয় দেখাত ওই আইনজীবী।
তারা জানান, এ বিষয়ে বুধবার সন্ধ্যায় ওই আইনজীবীর বাড়িতে দুই পরিবারে লোকজন নিয়ে স্থানীয়রা বৈঠকে বসে। বৈঠকে এলাকাবাসীর উপস্থিতেই সানজিদাকে মারধর করে স্বামী, শ্বশুর ও স্বামীর দ্বিতীয় স্ত্রী।
