২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওর এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসার জন্য পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা চালু করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 07:02 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নৌ-জেটিতে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি সংস্থা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় নৌকাগুলো চালু করা হয়।

এখন থেকে ২০টি গ্রামের প্রায় ৫০০ শিক্ষার্থী সহজে স্কুলে যাওয়া-আসা করতে পারবে বলে জানান তিনি।

হাওর এলাকা বছরের ছয় মাস ডুবে থাকে।

এ সময় ইটনা উপজেলার বরিবাড়ি, শিমুলবাগ, শইলা, নূরপুর, কৈবতপাড়া, কুরশি, বাদলা, বড়শিপুরা, কয়রাসহ ২০টি গ্রামের শিক্ষার্থীরা এই নৌকাগুলোয় যাওয়া-আসা করতে পারবে।

কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মাওলা, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুর, ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী শহীদ উল্লাহ, জেলা প্রতিনিধি মো. বজলুর রহমান প্রমুখ।