২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করবে, আশা রাষ্ট্রপতির

জাতীয় মানবাধিকার কমিশন কারও মুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

মানবাধিকার বিষয়ে জনসচেতনা সৃষ্টি এবং সরেজমিনে অনুসন্ধানমূলক কার্যক্রম বাড়াতেও কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন-২০১৪’ পেশ করে। এ সময় রাষ্ট্রপতি তাদের এসব বলেন।

কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আট সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি এসময় কমিশনের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

“কমিশনের চেয়ারম্যান এসময় তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, তাদের কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হচ্ছে। সাধারণ মানুষ মানবাধিকার সম্পর্কে আগের চেয়ে সচেতন হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান তিনি।”

সরকারের বিভিন্ন সংস্থা থেকে কমিশন সাড়া পাচ্ছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

কমিশনের নিজস্ব ভবন নির্মাণ এবং বিভাগীয় পর্যায়ে কাজ সম্প্রসারণে রাষ্ট্রপতির সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

কমিশনের ‘রুলস অব বিজনেস’ এবং ‘সিলেকশন কমিটি’ পুনর্গঠনের প্রয়োজনীয়তাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।