‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন’
নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
বৃহস্পতিবার দিনটি পালনোপলক্ষে নারায়ণগঞ্জ, মাগুরা ও নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন’ শ্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হয়।
নারায়ণগঞ্জ
সকালে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা এবং প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে শোভাযাত্রা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণগঞ্জ শাখার উপ-পরিচালক ইশরাত হোসেন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. গাউছুল আযম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার, নারায়ণগঞ্জ প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরকারের কাছে প্রবীণদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করেন।
আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৃদ্ধা শাশুড়িকে সেবাযত্ম করার স্বীকৃতিস্বরূপ শহরের উত্তর চাষাঢ়া এলাকার নীলা হাসানকে ‘মমতাময়ী’ পুরস্কার এবং বৃদ্ধা মাকে সেবাযত্ম করার স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার কাজী আলী ফয়সল হোসাইনকে ‘মমতাময়’ পুরস্কার দেওয়া হয়।
মাগুরা
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরচালক কাজী তারিকুজ্জামান।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদৎ হোসেন, সিভিল সার্জন এবিএম ফজলুর রহমান, পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর প্রমুখ।
নীলফামারী
সকালে জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
পরে সৈয়দপুর সড়কস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন তারা।
জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ফজলুল করিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুর রশীদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
প্রবীণদের মধ্যে বক্তব্য দেন সতিশ চন্দ্র বর্মন ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
অসুস্থ মাকে সেবাযত্ন করায় জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খুটামারা গ্রামের নুরুজ্জামান ইসলামকে ও বৃদ্ধা শাশুড়িকে সেবাযত্ন করায় শহরের বাবুপাড়ার হালিমা খাতুনকে পুরস্কৃত করা হয়।
