ছাত্রদল নেতা হত্যা: বাবার অভিযোগ নভিভুক্ত করেনি পুলিশ
ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আ. রাজ্জাক হত্যাকাণ্ডের পাঁচদিন পর আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আসামি তার বাবার অভিযোগ থানায় নথিভুক্ত করেনি পুলিশ।
রাজ্জাকের বাবা মো. হোসেন মিয়া জানান, শশীভূষণ থানা ছাত্রলীগ সভাপতিসহ আওয়ামী লীগের ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করে বুধবার রাতে তিনি শশীভূষণ থানায় এজাহার দিয়েছেন।
তবে বৃহস্পতিবারও মামলাটি নথিভুক্ত করা হয়নি বলে জানান হোসেন মিয়া ।
শশীভূষণ থানার ওসি শামছুল আরেফিন বলেন, “রাজ্জাকের বাবা এজাহার দায়ের করলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় মামলা নথিভুক্ত করিনি।”
চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আ. রাজ্জাককে ঈদুল আজহার রাতে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে যুবদল, ছাত্রদল নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে দুর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার দুদিন পর স্থানীয় ইউনিয়ন পরিষদের এক চৌকিদার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় লোকদের আসামি করে একটি হত্যা মামলা করেন বলে জানান ওসি।
