২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের নিরাপত্তা বাড়াতে নির্দেশ

ইতালির নাগরিক চেজারে তেভেল্লা খুন হওয়ার পর বাংলাদেশে বিভিন্ন দেশ পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

সেই সঙ্গে বিদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে সব থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদেশি প্রতিষ্ঠান, আবাসন এবং গুরুত্বপূর্ণ হোটেল রেস্তোরাঁ-ক্লাব, বিভিন্ন দেশ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজর রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে নাগরিকদের চলাফেরায় অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সতর্কতা জারির মধ্যে গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করে ইতালীয় তেভেল্লাকে।

ঘটনার পরপর গুলশান-বনানীর কূটনীতিক পাড়াসহ পুরো মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশিও চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মধ্যপ্রাচ্যভিত্তিক দল আইএস  এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট দাবি করলেও তা নিয়ে সরকারের মধ্যে সন্দেহ রয়েছে।