২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার দুপুরে জাফরাবাদ মোল্লাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান মান্দা থানার ওসি মোজাফফর হোসেন।

মৃত শাপলা বিবি (২৮) ওই গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে।

এ ঘটনার পর থেকে একই গ্রামের বাসিন্দা শাপলার স্বামী হাফিজুল ইসলাম ওরফে সাত্তার ও তার মা জুলেখা বিবি পলাতক রয়েছেন বলে জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে শাপলাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রেখে হাফিজুল পালিয়ে যায়।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

শাপলার বাবা হাফিজ উদ্দিন বলেন, প্রায় আট বছর আগে হাফিজুলের সঙ্গে শাপলার বিয়ে হয়।বিয়ের পর যৌতুকসহ বিভিন্ন অজুহাতে হাফিজুল প্রায়ই শাপলাকে নির্যাতন করত।

স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করা হলেও মেয়ের উপর নির্যাতন বন্ধ হয়নি জানিয়ে তিনি বলেন, “মেয়েকে হত্যা করা হয়েছে বলে বুধবার জানতে পারি।”