স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
চাঁদপুরে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় দেন বলে জানান আদালতের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু।
দণ্ডিত মো. মাসুদের (২৮) বাড়ি চাঁদপুর সদরের বড় শাহতলী এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বলেন, ২০০৯ সালের ২৮ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় যৌতুক নিয়ে কলহের জেরে পাঁচমাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী সালমা বেগমকে (২২) শ্বাসরোধ করে হত্যা করে মাসুদ।
এ ঘটনায় সালমা বেগমের মা মোসাম্মৎ মরিয়ম বেগম বাদী হয়ে মাসুদকে আসামি করে ওইদিনই একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির ২০০৯ সালের ৩রা ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে বলে জানান তিনি।
সাইয়েদুল আরও জানান, আসামি মাসুদ এই ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুল ইসলাম।
