২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে নদীতে বিলীন রাস্তা-বসতবাড়ি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় একটি সড়ক পানগুছি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 01:10 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

মোরেলগঞ্জ-সন্ন্যাসী-শরণখোলা পুরাতন সড়কে চালতেবুনিয়া এলাকায় এ নদীর আকস্মিক ভাঙনে সোমবার তিনটি বসতবাড়ি নিশ্চিহ্ন হয়েছে।

ওই সড়ক পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নৌকা দিয়ে মানুষ পারাপার করছে।  

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পানগুছি নদীর পাড়ে ওই এলাকার মূল সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ সংস্কারের অভাবে নদীতে বিলিন হয়েছিল। পরে স্থানীয় উদ্যোগে সেখানে ব্যক্তিমালিকানাধীন জমি মাটি দিয়ে উঁচু করে ইট দিয়ে বিকল্প রাস্তা করে চলাচলের ব্যবস্থা করা হয়।

সোমবারের আকস্মিক ভাঙনে তাও ভেঙে গেছে বলে তারা জানান।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাঙনে ঘর হারানো সামছু তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ভোর রাত থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে চার কাঠা জমিসহ বসত ঘর সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। তেমন কিছুই রক্ষা করতে পারিনি।”

ছেলে-মেয়ে নিয়ে এখন তিনি রাস্তায় আশ্রয় নিয়েছেন বলে জানান।

ভাঙনে সদ্য বিলীন হওয়া এই রাস্তার পাশেই থাকেন আবুল হাসেম (৭৬)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাল (সোমবার) সকালেও এই রাস্তায় গাড়ি চলেছে। হঠাৎ জোরে শব্দসহ রাস্তাটি ভেঙে পড়ে। এখন ট্রলার ও নৌকায় রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় মানুষ পার করা হচ্ছে।

চালতেবুনিয়া গ্রামের আব্দুল গফফার তালুকদার বলেন, শরণখোলার সঙ্গে এক সময় যোগাযোগের এটা ছিল প্রধান রাস্তা। বাসও চলত এই পথে। নদী তখন কিছুটা দূরে ছিল।

“প্রায় পাঁচ বছর আগে নদী তীরের এই অংশ ভাঙতে শুরু করে। এরপর গত কয়েক বছরে এই সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়েছে।”

কিন্তু দীর্ঘ দিনেও রাস্তা নির্মাণে কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়ভাবে এই বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল।

মোরেলগঞ্জের ইউএনও মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, পানগুছির আকষ্মিক ভাঙনে গুরুত্বপূর্ণ এই রাস্তার একটি অংশ পুরোপুরি নদীতে বিলীন হয়েছে। বিকল্প আরেকটি রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

“ভাঙন রোধে ব্যবস্থা নিতে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলব।”

বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, পানগুছি নদীর ওই অংশে ভাঙন রোধে একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া যাবে।