লক্ষ্মীপুরে আ. লীগ নেতা ফারুক হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার এক আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউছার জানান, বুধবার রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস জাহের (৩৫) স্থানীয়ভাবে ‘ধামা কালা’ নামে পরিচিত। চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও থানা সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি ওমর ফারুক হত্যাসহ বেশ কয়েকটি হত্যা ও ডাকাতির মামলা রয়েছে তার বিরুদ্ধে।
জুনায়েদ কাউছার জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাতের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার জন্য গুলি করে। গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে ধামা কালার লাশ পাওয়া যায়।”
সহকারী পুলিশ সুপার জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও চারটি গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
