বেনাপোলে টিকিট নেই, দুর্ভোগে যাত্রীরা
বাসের টিকিট না থাকায় ভারত থেকে আসা যাত্রীসহ বেনাপোলে থেকে ঢাকামুখী ঈদফেরত মানুষ দুর্ভোগে পড়েছে।
মঙ্গলবার বেনাপোলের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, ঢাকামুখী হাজার হাজার যাত্রী বাসের টিকিট না পেয়ে বিকল্প উপায় খুঁজছে। কেউ মাইক্রোবাস, কেউবা প্রাইভেট কার ভাড়া করে ঢাকার পথে রওনা হচ্ছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ওসি মোমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত দৈনিক গড়ে দুই-আড়াই হাজার যাত্রী সীমান্ত পারাপার হয়। কিন্তু গত কদিনে তা বেড়ে পাঁচ-ছয় হাজারে দাঁড়িয়েছে।
“সোমবার ভারত গেছেন ৫ হাজার ৪২৮ জন এবং এসেছেন ২ হাজার ৫১৪ জন।”
এসপি গোল্ডেন লাইনের জামতলা কাউন্টার ব্যবস্থাপক শাহাবুদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে থেকে বুকিং দিয়ে রাখায় ৩ তারিখের আগের কোনো টিকিট আমাদের হাতে নেই।
“কেউ যখন বুকিং বাতিল করে তখন সেই টিকিট দিতে পারছি।”
একই কথা বলেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকামুখী সোহাগ পরিবহনের বাগআচড়া কাউন্টার ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরা এক্সপেসের নাভারন কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম, এ কে ট্রাভেলসের জামতলা কাউন্টার ব্যবস্থাপক শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
মঙ্গলবার বেনাপোলে ঈগল পরিবহনের কাউন্টারে ভারত থেকে আসা পুরাতন ঢাকার দিপালী সরকার তার দুর্ভোগের কথা বলেন।
“আমরা দুই বোন সকালে ভারত থেকে দেশে ফিরেছি। কিন্ত টিকিট না পাওয়ার কারণে বাড়ি ফিরতে পারছি না। অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে আমরা এখানে আছি।”
শার্শার বাগআচড়ার ফজলুর রহমান ঢাকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।
“ঢাকার ওই যান্ত্রিক জীবন ছেড়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলার জন্যই ঈদের ছুটিতে গ্রামে এসেছিলাম। কিন্তু দুদিন ঘুরেও কোনো টিকিট পাইনি। তার পরও ফিরতে হবে কর্মস্থলে। তাই মাইক্রোবাস রিজার্ভ করতে বাধ্য হচ্ছি।”
আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের ওসি মোমিনুল ইসলাম ও স্থানীয় পরিবহন কাউন্টারের ব্যবস্থাপকেরা।
