২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ছিটমহলে জানুয়ারিতে প্রাইমারি স্কুল

বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহলের শিশুরা নতুন বছরে পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় চালুর জন্য কাজ শুরু হয়েছে। চলতি মাসেই মাঠ পর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে স্থান নির্ধানের কাজ শেষ করা হচ্ছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, “এই ছিটমহলগুলো ভারতের মধ্যে অবস্থান করলেও এতদিন সেখানকার ছেলেমেয়েরা বাংলাদেশের স্কুলেই লেখাপড়া করত। ১৫টির মত স্কুল জানুয়ারিতেই চালুর চেষ্টা চলছে। ইতোমধ্যেই জরিপ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

এদিকে স্থান নির্ধারনের জন্য স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে এনসিটিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের পুস্তক ছাপানোর সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

Image
লালচিহ্নিত ছোট ছোট এলাকাগুলোই ছিটমহল, যা মিশে গেল মূল ভূখণ্ডে

লালচিহ্নিত ছোট ছোট এলাকাগুলোই ছিটমহল, যা মিশে গেল মূল ভূখণ্ডে

বৈঠকে বলা হয়, ছাপার কাজ তদারকির জন্য এনসিটিবি, মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির পৃথকভাবে কাজ করবে।

কমিটি ২০১৬ শিক্ষাবর্ষের প্রাক্-প্রাথমিক শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ জানুয়ারির প্রথম সপ্তাহে উদযাপনের সুপারিশ করে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে নদীর চড়ায় অবস্থিত এলাকা, হাওড় এবং চা বাগান এলাকার স্কুলগুলোতে ওই এলাকায় বসবাসকারী জনগণের মধ্য থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।  তা পাওয়া না গেলে কেবলমাত্র বাইরের এলকার শিক্ষকদের মূল বেতনের শতকরা ১০ ভাগ হারে ভাতা প্রদানের সুপারিশ করা হয়।   

মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন  কমিটির সদস্য আ. খ. ম. জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল কালাম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল।

পুরনো খবর:

ছিটমহলে উড়ল মুক্তির পতাকা