দিনাজপুর মেডিকেলে ২ রোগীর ধনুষ্টংকার, অস্ত্রোপচার বন্ধ
অস্ত্রোপচারের পর দুই রোগী ধনুষ্টংকারে আক্রান্ত হওয়ার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে রোগী ভর্তি এবং অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার জন্য সার্জারি বিভাগে রোগী ভর্তি ও অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধনুষ্টংকার রোগের জীবাণু কাটাস্থান দিয়ে শরীরে প্রবেশ করে। এ কারণে সার্জারি বিভাগে ভর্তি একশ রোগীকে অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে।”
তবে জরুরি চিকিৎসার জন্য একটি অপারেশন থিয়েটার চালু রাখা হয়েছে বলে জানান মোহাম্মদ আলী।
সার্জারি বিভাগের প্রধান পার্থ সারথি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৫ সেপ্টেম্বর সাজেদুর নামে একজনের পিঠের টিউমার এবং সিরাজ উদ্দিন নামে আরেক জনের হার্নিয়া অপারেশন করা হয়।
“রোববার সন্ধ্যায় তাদের সেলাই কাটতে গিয়ে ধনুষ্টংকারের লক্ষণ ধরা পড়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়। পরে ধনুষ্টংকার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাদের হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
ধনুষ্টংকার আক্রান্ত ওই দুই রোগীর চিকিৎসা চলছে।এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ইমদাদুল হক।
