২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সিএফওবি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদকে জানিয়েছেন যুক্তরাজ্যের ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের (সিএফওবি) প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলটি এ আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বৃটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এন মেইন ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রেসসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিরা তথ্য-যোগাযোগ প্রযুক্তি এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী বলে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানিয়েছেন।”

রাষ্ট্রপতি ও প্রতিনিধি দল এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রেস সচিব বলেন, “প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বিভিন্ন দিকে সাফল্য অর্জন করলেও বিশ্ব পরিসরে এর প্রদর্শনী কম হচ্ছে।”

অনাবাসীরা বাংলাদেশে ‘স্পোর্টস একাডেমি’ করতে আগ্রহী বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি সাক্ষাতের সময় বলেন, প্রচুর বাংলাদেশি নিয়মিত যুক্তরাজ্য সফর করে। ভারতের দিল্লি থেকে ব্রিটেনের ভিসা প্রক্রিয়া করা হয় বলে সময় বেশি লাগে। তিনি এসময় বাংলাদেশ থেকে ভিসা প্রক্রিয়া চালু করার ব্যাপারে প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।”

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’র চেয়ারম্যান মেহফুজ আহমেদ।