ইলিশ ধরতে এসে সাগরে ৬০ ভারতীয় জেলে আটক
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ ধরার অভিযোগে বঙ্গোপসাগরে ৬০ জন ভারতীয় জেলে আটক হয়েছেন।
মংলা থানার এসআই মঞ্জুর এলাহী জানান, সোমবার রাতে নৌ-বাহিনীর টহল জাহাজ বিএনএস কর্ণফুলি মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিকেল মাইল দক্ষিণে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১০০টি ইলিশসহ পাঁচটি ভারতীয় ট্রলারও জব্দ করেছে নৌ-বাহিনীর সদস্যরা।
“এ সময় নৌবাহিনী জানিয়েছে, আটকের পর সঞ্জয় সামন্ত নামে ভারতীয় এক জেলে টয়লেটে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।”
মঙ্গলবার দুপুরে মংলা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সঞ্জয় সামন্ত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ এলাকার প্রফুল্ল চন্দ্র সামন্তের ছেলে।
এসআই মঞ্জুর জানান, এফবি লক্ষ্মীনারায়ণ, এফবি প্রদীপ, এফবি দক্ষিনেশ্বরী, এফবি সত্য নারায়ণ ও এফবি ত্রিপতি নামের ওই পাঁচ ট্রলারে থাকা জেলেদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায়।
জব্দ করা ইলিশগুলো বাগেরহাটের একটি হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় সংরক্ষণের জন্য রাখা হয়েছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, উদ্ধার হওয়া ইলিশগুলো সংরক্ষণ করা হয়েছে। পরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব ধরণের ইলিশ আহরণ, পরিবহন ও বেঁচা-কেনা নিষিদ্ধ রয়েছে।
