সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধ ২ ‘বনদস্যু’ নিহত
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপজেলা শ্যামনগরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।
উপজেলার গাবুরা ইউনিয়নের বড়কুপট গ্রামে সোমবার রাতের এই বন্দুকযুদ্ধে নিহতরা বনদস্যু বলে পুলিশের দাবি।
নিহতরা হলেন- আলাল গাজী ও শহীদুল ইসলাম। পুলিশ বলছে, আলাল বনদস্যু দল আলাল বাহিনীর প্রধান, শহীদুল তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধে শ্যামনগরসহ বিভিন্ন থানায় ৬টি করে মামলা রয়েছে।
শ্যামনগর থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলাল ও শহীদুল বড়কুপোট গ্রামে তাদের কাছে জিম্মি হিসেবে থাকা জেলেদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়েই আলাল ও তার সহযোগীরা গুলিবর্ষণ করে ও ককটেল নিক্ষেপ করে। তখন পুলিশ পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে শ্যামনগর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।”
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন সদস্য উপপরিদর্শক আব্দুল কাদের, উপপরিদর্শক নাজমুল ইসলাম ও কনস্টেবল সোনা মিয়া গুলিবিদ্ধ হয়েছেন বলে ওসি জানান। তাদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ২০ রাউন্ড গুলিসহ একটি শাটার গান উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আলাল আশাশুনির শীতলপুর গ্রামের আলিউদ্দিন গাজীর ছেলে, শহীদুল শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামের রশিদ সরদারের ছেলে।
পুলিশ জানায়, গত ফেব্রুয়ারি মাসে আলাল অস্ত্র সহ র্যাবের হাতে ধরা পড়েছিল। পরে জামিনে বেরিয়ে যায়।
