বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নারীর মৃত্যু
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার এই দুর্ঘটনায় আরও এক জন নিখোঁজ রয়েছেন বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহত লাইজু আক্তার (২৫) রাজধানীর বাড্ডা এলাকার হারুনূর রশীদের স্ত্রী। তার বাড়ি ভোলার লালমোহনে। নিখোঁজ ব্যক্তির নাম মো. সেলিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, “নৌকায় করে ৭/৮ জন ভোলাগামী একটি লঞ্চের পেছন দিয়ে ওঠতে যাওয়ার সময় ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পাখার আঘাতে লাইজু গুরুতর আহত হন এবং সেলিম তলিয়ে যান।”
স্থানীয়রা লাইজুকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রয়েছে।
