মুন্সীগঞ্জে কারেন্ট জাল উদ্ধার, ৬ জেলের জরিমানা
মুন্সীগঞ্জে মেঘনা ও ধলেশ্বরী নদী থেকে ছয় জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ওই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা ছয় জেলের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।
কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শাহাজাদা খসরু জানান, অভিযানে তারা ছয় জেলেসহ নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করেন।
জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তারা।
ছয় জেলে হলেন সদর উপজেলার চর কিশোরগঞ্জের মো. শাহ আলম (৩৫), মো. গিয়াস উদ্দিন (৪৮), গজারিয়ার চর বলাকী গ্রামের মো. আব্দুল হক (৩২), কুমিল্লার মধিরা গ্রামের জগদীশ চন্দ্র শীল (২৮), ঢাকার সাভারের সাকলগাঁও গ্রামের রঞ্জিত (৩৫) এবং নারায়ণগঞ্জের নইরপদ্দী গ্রামের অমল রাজবংশী (২৭)।
গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশের প্রধান প্রজনন কেন্দ্রে হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জসহ ১৫টি এলাকায় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
