ফেইসবুকে স্ট্যাটাস: মোহন মণ্ডল জেল হাজতে
ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাতক্ষীরার মোহন কুমার মণ্ডল ও তার সহকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা আদালতের এপিপি ফাহিমুল হক কিসলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদেরকে আদালতে আনতে আনতে আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তাদের জেলা হাজতে পাঠানো হয়।
সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানান তিনি।
শনিবার গ্রেপ্তার করা হয় শ্যামনগর উপজেলায় কর্মরত বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ও তার সহকর্মী শওকত হোসেনকে।
শনিবার মোহন কুমার মন্ডলকে আটকের কথা জানালেও শওকত হোসেনকে আটকের কথা স্বীকার করেনি পুলিশ।
শ্যামনগর থানার ওসি ইনামুল হক বলেন, মোহন কুমার মণ্ডলের ফেইসবুক স্ট্যাটাসে মুসলিম ধর্মীয় অনভুতিতে আঘাত করা হয়েছে।
“এ কারণে মোহনকে আটক করা হয়েছে। এ কাজের সহযোগী হিসেবে শওকত হোসেনকেও আটক করা হয়।”
এখন এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
মোহন কুমার মণ্ডলের স্ত্রী স্কুল শিক্ষিকা পঞ্চয়ী মন্ডল জানান, তার স্বামী মোহন ও লিডার্সের কর্মকর্তা শওকতকে পুলিশ আটকের ঘটনার পর তার দেবর অসিত মণ্ডলকে কয়েকজন যুবক শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
“তারা তার টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে।”
তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কিছু লোক তাদের বাড়িতে হামলার হুমকি দিচ্ছে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এ ব্যাপারে সাতক্ষীরার গণজাগরণ মঞ্চের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, এলাকার কিছু প্রভাবশালী লোক কথিত ‘মোহনের স্ট্যাটাস’ উদ্ধৃত করে যে লিফলেট বিলি করছে তা মোহনের নয় বলে মোহন তাকে জানিয়েছেন।
এদিকে সাতক্ষীরার গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়াল, সাধারণ সম্পাদক দেবাশীষ মণ্ডল ও স্থানীয় দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী আইসিটি আইনের ৫৭ ধারা প্রত্যাহার ও আটকদের মুক্তি দাবি করেন।
শনিবার দুপুর শ্যামনগরের মুনসুর সরদারের গ্যারেজ থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মোহন ও শওকতকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
