ঢাকায় কাটেনি ছুটির আমেজ
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে এখনও ঈদের রেশ কাটেনি, ফিরে আসেনি স্বাভাবিক সময়ের মতো কর্মচাঞ্চল্য; রাস্তায় ছিল না দীর্ঘ যানজট, ভোগান্তি।
রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দোকানপাট খুলেছে হাতেগোণা। অফিস-আদালতেও ছিল অনেকটা ছুটির আমেজ।
অন্যদিকে শিশুপার্ক, জাদুঘর, চিড়িয়াখানা আর সিনেমা হলসহ বিনোদনকেন্দ্রগুলোতে ঈদের ভ্রমণপিয়াসী মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়।
যানজট না থাকায় স্বস্তিতে ছিলেন নগর পরিবহনে চলাচলকারীরা।
শাহবাগ থেকে এয়ারপোর্ট-আবদুল্লাহপুর পরিবহনের একটি বাসে কথা হয় যাত্রী রেজা সিকান্দারের সঙ্গে। তিনি বলছিলেন, স্বাভাবিক সময়ে শাহবাগ থেকে মহাখালী পর্যন্ত আসতে সময় লাগে কমপক্ষে একঘণ্টা। আর বনানী পার হতেই যায় আরও এক ঘণ্টা।
“এখন তো যানজট নাই, গাড়িও চলছে দ্রুত। ঢাকা যদি এমন ফাঁকা থাকতো!”
নিউ মার্কেট না খুললেও ওই এলাকার ফুটপাতে ভ্রাম্যমাণ বেশ কয়েকটি দোকানে বিকিকিনি চলতে দেখা গেছে।
নীলক্ষেত বই মার্কেটে দুয়েকটি দোকান খুলেছে, তবে ক্রেতা সমাগম নেই বললেই চলে। একই এলাকার দুয়েকটি খাবারের দোকানে বেশ ভিড় দেখা গেছে।
নীলক্ষেতে খাবার দোকানী খন্দকার লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখতেই তো পাচ্ছেন কেমন ফাঁকা। শনিবার বিকাল থেকে দোকান-মালিক সমিতিকে বলে অনেক কষ্টে দোকানটা খুলছি। মানুষের তো খাবারের জায়গা নাই, তাই আমার এখানে এতো ভিড়।”
মহাখালী, কাকলি, বনানী এলাকায়ও কয়েকটি খাবারের হোটেল আর ফুটপাতের দোকান ছাড়া বেশিরভাগ দোকানপাট এখনও খোলেনি।
ব্যস্ত ঢাকার অন্যতম যানজটপ্রবণ প্রগতি সরণির চিরায়ত দৃশ্য এখনও ফিরে আসেনি। বাড্ডা থেকে রামপুরা ব্রিজের দিকে যেতে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত। তবে রোববার দুএক মিনিটেই এই রাস্তাটি পার হচ্ছেন নগরবাসী। সড়কে লোক সমাগম কম, রাস্তায় গাড়ির সংখ্যাও হাতেগোণা।
মহাখালী ফ্লাইওভারের নিচে কথা হয় লেগুনা চালক সজিবের সঙ্গে। গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা এলাকার সব লেগুনার স্টপেজ মহাখালী রেলক্রসিং।
সজিব জানায়, মোহাম্মদপুর থেকে বাড্ডা আসা যাওয়ার প্রতিটি ট্রিপের অর্ধেক আসন ফাঁকা থাকছে। যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে কিছু টাকা বেশি আদায় করলেও স্বাভাবিক সময়ের মতো ভাড়া উঠছে না। যাত্রী কম হওয়ায় বিকালের মধ্যেই গাড়ি চালানো বিরতি দেবেন বলে জানান সজিব।
প্রেসক্লাব, শাহবাগ, মিন্টুরোড, মগবাজার, সাতরাস্তা, ফার্মগেইটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব রাস্তাই ফাঁকা। কোথাও জ্যামের কোনো ভোগান্তি নেই।
ঢাকায় আন্তঃনগর বিভিন্ন রুটে বাসের কাউন্টার ব্যবস্থাপকেরা জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে ঢাকা ফেরত ট্রিপ পুরোদমে শুরু করেছেন তারা, তবে এখনও যাত্রীদের চাপ বাড়েনি।
গাবতলীতে সোনারতরী পরিবহনের কাউন্টার মাস্টার আলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশাল ও চুয়াডাঙ্গার দর্শনা রুটে আমাদের গাড়ি চলে। সকাল থেকে দর্শনা রুটে ছয়টি বাস ছেড়ে এসেছে। সবগুলো বাসই (যাত্রীতে) পূর্ণ ছিল। কাল থেকে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকবে।”
