অফিস পাড়ার আলস্য কাটেনি
ঈদের তিনদিন ছুটির পর সরকারি-বেসরকারি অফিস-আদালত খুললেও কর্মীদের উপস্থিতি কম থাকায় কাজ শুরু হয়নি পুরো মাত্রায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়, সংসদ সচিবালয় ও আদালতপাড়ায় ঘুরে এমন চিত্রই দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা।
দিনের প্রথম ভাগে সব অফিসেই উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। ঈদের শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি আর খোশগল্পে সময় পার করতে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের।
এবার কোরবানির ঈদের ছুটি শুরু হয় বৃহস্পতিবার থেকে। তিনদিন ছুটির দুই দিনই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় অনেকে বাড়তি ছুটি নিয়ে গ্রামে গেছেন ঈদ করতে।
এ কারণে অফিস-আদালতে স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম আহমেদ জানান, রোববার সকাল ৯টা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে শুরু করলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপস্থিতি ছিল একেবারেই কম।
ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মী উপস্থিতি ৬০ শতাংশেরও কম ছিল বলে সংশ্লিষ্টদের ধারণা।
স্বাভাবিক সময়ে সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষটি কোলাহলপূর্ণ থাকলেও এদিন ছিল সুনসান নীরবতা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটি শেষ হলেও অনেকে এখনও ঢাকায় ফিরতে পারেননি। আগামীকাল উপস্থিতির হার কিছুটা বাড়বে।”
আগামী সপ্তাহেই সচিবালয় আগের চেহারায় ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন এ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সকালে সচিবালয়ে অফিস করছেন। দুপুরের পর আরও কয়েকজন দপ্তরে আসতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, পুরান ঢাকার আদালত পাড়াতেও ছুটির আমেজ এখনও কাটেনি।
জেলা জজ এস এম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ছুটিতে রয়েছেন। এজলাসে বসেছেন মুখ্য বিচারিক হাকিম মাহাবুবুর রহমান সরকার।
কোনো কোনো বিচারককে তিন-চারটি আদালতেও কাজ করতে দেখা গেছে। ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার নিজেরটিসহ আরও তিনটি ট্রাইব্যুনালের বিচারকাজ চালান।
প্রায় সব আদালতেই বিচার প্রার্থীদের পক্ষে শুনানির জন্য সময় চাইতে দেখা গেছে।
লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলা ছিল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। সাক্ষী না এলেও মামলার গুরুত্ব বিবেচনায় হাজির হয়েছেন দুই সহকারী পাবলিক প্রসিকিউর বসির আহমেদ মিয়া এবং বিপুল দেবনাথ। তবে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলালকে এজলাসে দেখা যায়নি। রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীও আসেননি।
রাজধানীর বিভিন্ন থানা থেকে আসামিদের বহনকারী প্রিজনভ্যানও এদিন আদালত প্রাঙ্গণে কম এসেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অফিস সহকারী দেলোয়ার হোসেন।
সকালে সংসদ সচিবালয়েও দেখা যায় ঢিলেঢালা ভাব। বিভিন্ন দপ্তরে দর্শনার্থীর ভিড়ও ছিল কম।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে ছুটির নেওয়ায় অনেকেই আজ অফিসে আসেননি। মঙ্গল-বুধবার সবাই চলে আসবে বলে আশা করছি।”
সংসদ ভবনের মূল ভবন ও মন্ত্রী হোস্টেল এলাকায় সংসদীয় কমিটির সভাপতিদের কার্যালয়গুলোতে তালা ঝুলতে দেখা গেছে।
গণপূর্ত অধিদপ্তরের এক কর্মচারী জানান, সকালে বেশিরভাগ সভাপতির কার্যালয় থেকে আগেই বলা হয়েছিল তালা না খুলতে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে রয়েছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া হজ করতে গেছেন সৌদি আরবে।
স্পিকারের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সকালে অফিসের গাড়িতেও অনেক আসন ফাঁকা দেখা গেছে।
