ভাতিজাকে উদ্ধারে নেমে নিখোঁজ চাচা
গোপালগঞ্জে ভাতিজাকে উদ্ধার করতে মধুমতি নদীতে নেমে নিখোঁজ হয়েছেন তার চাচা।
তবে, সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে ওই ভাতিজাকে উদ্ধার করেছেন।
রোববার ভোরে কাশিয়ানী উপজেলার কালনা ফেরি ঘাটে এ ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম ।
নিখোঁজ বাবু মীনা (৪৫) নড়াইলের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। তবে, বাবু মীনার ভাতিজার নাম জানা যায়নি।
ওসি বলেন, বাবু ঢাকা থেকে দিগন্ত পরিবহনের একটি নৈশ কোচে পরিবারের সদস্যদের সঙ্গে নড়াইল যাচ্ছিলেন। বাসটি রাত ৩টার দিকে কালনা ফেরি ঘাটে থামলে বাবুর চার বছর বয়সী ভাতিজা ফেরিতে নামে।
“এ সময় অসাবধানবশত শিশুটি ফেরি থেকে মধুমতি নদীতে পড়ে গেলে তাকে উদ্ধারে বাবু নদীতে ঝাঁপ দেন।”
ওসি আরও বলেন, বাবুকে নদী থেকে উঠতে না দেখে ফেরি থেকে অপর এক ব্যক্তি নদীতে ঝাঁপিয়ে পড়ে ভাতিজাকে উদ্ধার করেন।
বাবুকে উদ্ধারে সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে তল্লাশি চালালেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
