কুমিল্লায় একজনকে কুপিয়ে হত্যা
কুমিল্লা সদরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সহিদ মিয়া (৩৮) সদর উপজেলার জগন্নাথপুরের মৃত সুলতান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সহিদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা শামসুজ্জামান বলেন, “একটি হত্যা মামলা নিয়ে সহিদের পরিবারের সঙ্গে এলাকার জনু মিয়ার পরিবারের বিরোধ ছিল। এর জেরে জনু মিয়ার লোকজন সহিদকে হত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছি।”
লাশ ময়নাতদন্তের জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
