‘যোগাযোগ রাখছে’ অস্ট্রেলীয় হাই কমিশন
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফর পেছানো নিয়ে দুদেশের ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখা হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলীয় হাই কমিশন।
সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার কথা জানিয়ে শনিবার সফর পিছিয়ে দেওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ সরকার এই আশঙ্কাকে ‘ভিত্তিহীন’ বলেছে।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে নতুন অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল অস্ট্রেলিয়া দলের।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গত বছর বাংলাদেশ সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ আয়োজন করায় অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার হাই কমিশন বলেছে, ‘বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থের উপর জঙ্গি হামলার পরিকল্পনা থাকতে পারে’ আশঙ্কায় বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলীয় নাগরিকদের ‘সর্বোচ্চ’ সতর্ক থাকতে বলা হয়েছে।
এই সময়ে ঢাকায় বিশেষ করে অস্ট্রেলীয় স্বার্থে কী আঘাত আসতে পারে সে বিষয়ে হাই কমিশন স্পষ্ট করে কিছু বলেনি।
জানতে চাইলে হাই কমিশনের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার অফিস খোলার দিন কর্মকর্তাদের উপস্থিতির আগে এ বিষয়ে তারা কোনও মন্তব্য করার অবস্থায় নেই।
প্রায় এক দশক পর টেস্ট সিরিজ খেলতে আসা অস্ট্রেলীয় ক্রিকেট দলের অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে তিনি ‘বিস্মিত’। তিনি বলেছেন, “এটা খুবই হতাশাজনক। এখন দেশে কোনো সহিংসতা নেই।”
তবে জঙ্গি হামলার ‘পরিকল্পনার তথ্য’ থাকার কথা বলে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করলেও পুলিশের কাছে এ বিষয়ে ‘নির্ভরযোগ্য কোনও তথ্য নেই’।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, অস্ট্রেলিয়া দূতাবাস থেকে কোনো ‘থ্রেটের’ খবর তাদের জানানো হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও এই আশঙ্কাকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন। আলোচনার পর অস্ট্রেলিয়ার আসার নতুন তারিখ ঘোষণা করা হবে।
বিসিবির মুখপাত্র ও পরিচালক জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ট্রেলিয়ার আসার সময় পেছাচ্ছে কেবল, সফর বাতিল হয়নি।”
