২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের আগেই বর্জ্যমুক্ত ঢাকা উত্তর: আনিসুল

সম্মিলিত প্রচেষ্টায় এবার নির্ধারিত সময়ের বেশ আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 02:33 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

‘মাস্তানিতে’ সমর্থন চান আনিসুল হক

শুক্রবার কোরবানির ঈদের দিন দুপুর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকা থেকে জবাই করা পশুর সব বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য ধরা ছিল।

রোববার ঢাকা উত্তরের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে আনিসুল বলেন, “সবার প্রচেষ্টায় এবার ‘কম্পারেটিভলি ক্লিন’ ঢাকা উপহার দিতে পেরেছি; নগরবাসী একটু হলেও স্বস্তি পেয়েছে।

“৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে লক্ষ্য ঠিক করা হলেও ২৭ ঘণ্টার মধ্যেই তা করা সম্ভব হয়েছে।”

এই সফলতার জন্য সিটি করপোরেশনের কর্মী, কাউন্সিলর ও নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান ঢাকা উত্তরের প্রথম নির্বাচিত মেয়র।

তিনি বলেন, “কোরবানি উপলক্ষে সিটি করপোরেশনের কর্মচারী ও সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছিল। আমি নিজেও প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা গাড়ি নিয়ে ঘুরে কাজের তদারকি করেছি। ওয়ার্ড কাউন্সিলররা তৎপর ছিলেন।

“অনেকেই নির্ধারিত জায়গায় না গিয়ে নিজেদের মতো কোরবানি দিলেও তারা নিজেরাই পানি দিয়ে পশুর রক্ত ধুয়ে ফেলেছে। এতে আমাদের সহযোগিতা হয়েছে।”

সংবাদ সম্মেলনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিটি করপোরেশন এলাকা থেকে অবৈধ বিলবোর্ড না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র আনিসুল।

“আমরা সময় দিয়েছি। এখন তারা যদি আমাদের দুর্বল ভাবে, তবে অবশ্যই আইনের প্রয়োগ করা হবে। তাদের লাখ লাখ টাকা জরিমানা হবে।”

অবৈধ বিলবোর্ডধারী কোম্পানিগুলো ভবিষ্যতে আইনি সমস্যায় পড়বে জানিয়ে তিনি বলেন, “যেসব কোম্পানি এগুলোতে বিজ্ঞাপন দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”