সমৃদ্ধ বিশ্ব গড়ার সুযোগ বার বার আসে না: জাতিসংঘে সাবের
জাতিসংঘে গৃহিত টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেছেন, আরও নিরাপদ, আরও সমৃদ্ধ একটি বিশ্ব গড়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এক জীবনে বার বার আসে না।
আইপিইউ’র প্রেসিডেন্টের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী দিনের ভাষণে এ কথা বলেন সাবের হোসেন।
এ অধিবেশনেই দারিদ্র্য, অসাম্য ও জলবায়ু পরিবর্তনর বিরূপ প্রভাব মোকাবেলাসহ ১৭টি ক্ষেত্রে বিশ্বকে এগিয়ে নিতে ১৫ বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) জাতিসংঘে গৃহিত হয়।
সাবের তার বক্তৃতায় বলেন, “বিশ্ব, শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্বের মত বিষয়গুলো একসঙ্গে নিয়ে মানুষের জন্য এতোটা নিবিড় উদ্যোগ এর আগে কখনো নেয়া হয়নি। আরও নিরাপদ, টেকসই, সমন্বিত ও সমৃদ্ধ একটি বিশ্ব গড়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এই সম্মেলন আমাদের সামনে এনে দিয়েছে, যা এক জীবনে একবাই আসে।”
সংসদীয় গণতন্ত্রের ১৬৬ দেশের জোট আইপিইউ প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে।এই সংস্থা বর্তমানে জাতিসংঘের সঙ্গেও কাজ করে।
এর প্রেসিডেন্ট সাবের বলেন, এসডিজিতে নেওয়া লক্ষ্যগুলো এই সংকেতই দেয় যে, এখন যেভাবে বিশ্ব পরিচালিত হচ্ছে, তার পরিবর্তন চান বিশ্ব নেতারা।
‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জন ও তার সঠিক বাস্তবায়নে সরকার ও রাষ্ট্র প্রধানদের দূরদৃষ্টি ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন বাংলাদেশের সংসদ সদস্য সাবের।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্ধোধনী দিনে পোপ ফ্রান্সিস ও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও ভাষণ দেন।
